রাউজানে অগ্নিকাণ্ড প্রতিরোধে সর্বস্তরের জনগণের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫
  বাবলু নন্দী
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন মহোদয়ের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে রাউজান থানা এলাকায় সাম্প্রতিক সময়ে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনা প্রতিরোধ, পুলিশকে তথ্য প্রদান, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অদ্য ২৩ ডিসেম্বর ২০২৫ খ্রি. বিকাল ৩:০০ ঘটিকায় রাউজান থানা প্রাঙ্গনে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও সভায় রাউজান উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জনাব শাহজাহান মঞ্জুর, রাউজান সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি জনাব হাসান বাহাদুর, রাউজান সদর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি জনাব জসিম মেম্বার, রাউজান উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জনাব সুমন দাশ গুপ্তসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভায় রাউজান থানা এলাকায় সম্প্রতি সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনা, এর সম্ভাব্য কারণ, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, অপরাধীদের গ্রেফতার, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় উপস্থিত জনসাধারণ তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ প্রকাশ করেন।
মতবিনিময় সভায় সর্বস্তরের জনগণের পক্ষ থেকে থানা এলাকায় পুলিশি টহল ও নজরদারি বৃদ্ধি, পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার, গ্রাম পুলিশ, বিট পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের আরও সক্রিয় ভূমিকা পালন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মাবলম্বীর নিরাপত্তা নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে মতামত প্রদান করা হয়।
এসময় জানানো হয় যে, থানা পুলিশ, গ্রাম পুলিশ, বিট পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দের সমন্বয়ে বিশেষ টিম গঠন করা হবে। উক্ত টিমের মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ পূর্বক সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল এলাকাসমূহ চিহ্নিত করে সেখানে রাত্রীকালীন রণপাহাড়া’সহ টহল ডিউটি জোরদার করা হবে।
পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রবেশপথ এলাকায় চেকপোস্ট স্থাপন, থানা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেফতার অভিযান জোরদার এবং যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড সম্পর্কে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
এছাড়াও থানা পুলিশ, ক্যাম্প ও ফাঁড়ির পুলিশ সদস্যদের সাথে সকল ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সমন্বয়ে বিশেষ নিরাপত্তা টিম গঠনের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করার বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে দৃঢ় আশ্বাস প্রদান করা হয়।
মতবিনিময় সভার শেষ পর্যায়ে সাম্প্রতিক সময়ে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনা প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকে সচেতন, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়।
উক্ত মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, অফিসার ইনচার্জ, রাউজান থানা ও অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশগন উপস্থিত ছিলেন।