কেন্দুয়ায় ৪২টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উৎসবের প্রস্তুতি দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫ কোহিনূর আলম।। নেত্রকোণার কেন্দুয়ায় মোট ৪২টি পূজা মণ্ডপে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় শারদীয় দুর্গাপূজা উৎসবের প্রস্তুতি চলছে নানা আয়োজনে । শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে সরেজমিনে দেখা যায়, কেন্দুয়া পৌর শহরের কেন্দ্রীয় হরিসভা দূর্গা মন্দির ও কান্দিউড়া সাহাপাড়া দূর্গা মন্দিরসহ পূজামণ্ডপগুলোতে পুরোদমে চলছে এই প্রস্তুতি । খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ৪২টি পূজা মণ্ডপ স্থাপন করা হয়েছে । গত বছরের চেয়ে এ বছর ৬টি পূজা মণ্ডপ বেশি স্থাপন করা হয়েছে । ইতোমধ্যে প্রতিমা নির্মাণ শেষ, রং এর কাজ বাকী, চলছে তোরণ নির্মাণের কাজও । সবকিছু মিলিয়ে জাগতিক ও পারলৌকিক মঙ্গলের মূলমন্ত্রকে পাথেয় করে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ঢাকের বাদ্যে মেতে ওঠবে উপজেলার হাজারো সনাতন ধর্মাবলম্বীরা । দেবী দূর্গার আগমনে দূর হবে সকল অশুভ শক্তি । পূজা মণ্ডপগুলোর মধ্যে কেন্দুয়া পৌরসভায় ৩টি, আশুজিয়ায় ৬টি, দলপায় ২টি, গড়াডোবায় ২টি, গন্ডায় ১টি, সান্দিকোনায় ২টি, মাসকায় ১টি, বলাইশিমুলে ২টি, নওপাড়ায় ৬টি, কান্দিউড়ায় ১টি, চিরাং এ ৫টি, রোয়াইলবাড়ি আমতলায় ৬টি, পাইকুড়ায় ৪টি ও মোজাফরপুর ইউনিয়নে ১টি পূজা মণ্ডপ রয়েছে । উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কুমার সরকার মুঠোফোনে বলেন, সব রকম প্রস্তুতি চলছে পুরোদমে । প্রতিটি পুজা মন্ডপে শান্তি -শৃঙ্খলা বজায় রেখে পুজা উদযাপিত হবে । ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অংশ গ্রহণে বাঙালি সম্প্রীতি আরো সুদৃঢ় বন্ধনে আবদ্ধ হবে বলে প্রত্যাশা করি । এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি । ইতোমধ্যে বিট পুলিশের সদস্যরা তাদের কার্যক্রম অব্যহত রেখেছে । পুলিশ প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবক ও চৌকিদার প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তায় তৎপর থাকবে । SHARES সারা বাংলা বিষয়: