খেলাফতের বাংলাদেশ গড়তে রিক্সা মার্কায় ভোট দিন”-মামুনুল হক দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৫ শেখ ফরিদ আহমেদ।। গোপালগঞ্জ পৌরপার্ক উন্মুক্ত প্রাঙ্গণে আজ (১৩ সেপ্টেম্বর) দুপুর থেকে বাংলাদেশ খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, মুকসুদপুর, টুঙ্গিপাড়া, কাশিয়ানীসহ আশপাশের জেলা-উপজেলা থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক মিছিলসহ অংশ নিয়ে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেন— “বাংলাদেশ হবে খিলাফতের বাংলাদেশ। দুর্নীতিবাজ, অর্থপাচারকারী ও ট্যাক্সখেকোদের ইসলামী রাষ্ট্রে কোনো স্থান নেই। জনগণের ট্যাক্সের টাকা দেশের উন্নয়নে ব্যয় হবে, বিদেশে পাচার হবে না, কোনো নেতার ব্যক্তিগত পকেট ভরবে না। আগামী নির্বাচনে ইসলামী শক্তিগুলো রিকশা মার্কায় একত্রিত হয়ে ভোট চাইবে। গোপালগঞ্জবাসী অতীতে নৌকার পক্ষাবলম্বন করেছে, তবে এবার তারা স্বতঃস্ফূর্তভাবে রিকশা মার্কাকেই বেছে নেবে বলে আমি বিশ্বাস করি।” সমাবেশে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা ফারুক হাসান নদভী। এ সময় আরও বক্তব্য রাখেন— বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব মাওলানা শরীফ সাইদুর রহমান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল,কেন্দ্রীয় সদস্য কারী হুসাইন আহমেদ, মাওলানা শামসুল হক ফরিদপুরী হুজুরের দৌহিত্র হাফেজ মাওলানা মুফতি মুর্তজা হাসান, জেলা শাখার উপদেষ্টা মাওলানা নুরুল হক ও মাওলানা ইব্রাহিম, ইসলামী চিন্তাবিদ ও জনপ্রিয় বক্তা মাওলানা নাসির আহমেদ যুক্তিবাদী, কেন্দ্রীয় ছাত্র মজলিস সভাপতি পরিষদের সদস্য মোহাম্মদ মাহাদী হাসান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা অলিউল্লাহ মাহমুদ,মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা জাহিদ আল মাহমুদ, জেলা শাখার সহ-সভাপতি মাওলানা হেদায়েতুল্লাহ মুফতি,জেলা কমিটির সম্পাদক আল মাসুদ খান প্রমুখ। দুপুর থেকে বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। বিকাল ৩টা থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়। মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বহু নেতা। ব্যানার-ফেস্টুন আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোপালগঞ্জ পৌরপার্ক । SHARES সারা বাংলা বিষয়: