কেন্দুয়া সরকারি কলেজে ১১শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে মিথ্যা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫ কোহিনূর আলম।। নেত্রকোণার কেন্দুয়া সরকারি কলেজের ১১জন শিক্ষকের বিরুদ্ধে জাল ও নকল সনদপত্র ব্যবহার করে সরকারি চাকুরীতে পদায়নের অভিযোগ তদন্তে ২সদস্য বিশিষ্ট একটি টিম উক্ত প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন । মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর এ.কে.এম. আলিফ উল্লাহ আহসান ও উপ-পরিচালক (কলেজ) প্রফেসর ফেরদৌস আহম্মেদ এ পরিদর্শন করেন । পরিদর্শন শেষে পরিচালক প্রফেসর এ.কে.এম. আলিফ উল্লাহ আহসান সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে অভিযুক্তদের সনদপত্র যাছাই করে সঠিক পেয়েছি । তিনি আরো বলেন, অভিযুক্তদের ও অভিযোগকারীর নামের বানানে ও পদবিতে কিছু ভুল রয়েছে । তাছাড়া অভিযোগকারী নিজেই অভিযোগ অস্বীকার করেছেন । তিনি জানেন না তাঁর নাম ব্যবহার করে কে এই অভিযোগ করেছেন । তবে আমরা আরো গভীর তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখবো । এ জন্যে আমাদের বেশ সময় লাগবে । প্রসঙ্গত গত ২০২৪ সালের ৯ এপ্রিল নেত্রকোণা জজকোর্টের আইনজীবী ও জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর এ অভিযোগ দায়ের করেন । এতে অভিযুক্তরা তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকারের আমলে গঠিত কলেজ ম্যানেজিং কমিটি কর্তৃক নিয়োগপ্রাপ্ত উল্লেখ করা হয় । এছাড়াও শিক্ষকদের জাল ও নকল সনদপত্র ব্যবহার করে সরকারি চাকুরীতে পদায়নের পাশাপাশি উক্ত কলেজের সাবেক অধ্যক্ষ বাবু উত্তম কুমার কর কর্তৃক এমপিও সংক্রান্ত সকল কাজ নির্বিঘ্নে করে দেয়ার শর্তে দফায় দফায় তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া এবং বেতন ভাতাদি পরিশোধের নামে সরকারের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে উল্লেখ করা হয় । SHARES সারা বাংলা বিষয়: