গোপালগঞ্জ-১ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা মেজবাহ’র বিশাল শোডাউন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৫

শেখ ফরিদ আহমেদ।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর-কাশিয়ানী) থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ শনিবার শক্তি প্রদর্শনমূলক এক বিশাল শোডাউন করেছেন।
সকাল ১০টায় বরইতলা থেকে শুরু হওয়া শোভাযাত্রা মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শত শত মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারের বহর নিয়ে অনুষ্ঠিত এই শোডাউনকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীদের হাতে ছিল দলীয় পতাকা, আর মুখে মুখে স্লোগান—“ধানের শীষের বিজয় চাই।”
প্রথম পথসভা হয় মুকসুদপুর কলেজ মোড়ে, পরে রাজপাট বাজারে আরেকটি পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সৈয়দ মেজবাহ। তিনি বলেন—
“গণমানুষের ভোটাধিকার পুনরুদ্ধার এবং এলাকার উন্নয়নই হবে আমার অঙ্গীকার। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করুন।”
কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের সাবেক ও বর্তমান প্রায় ৩ হাজার নেতাকর্মী অংশ নেন। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ কামরুজ্জামান টুটুল, সাবেক যুগ্ম সম্পাদক এসএম সুমন, মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহাজ্জাদ মহসিন খিপু মিয়া, কাশিয়ানী উপজেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক আশিক মুন্সি, জেলা শ্রমিক দলের আহ্বায়ক মতিউর রহমান রনি, যুগ্ম আহ্বায়ক হাজী মনির, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম মুন্সি, সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব রিপন মোল্লা, কাশিয়ানী উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মিজানসহ অসংখ্য নেতাকর্মী।
শোডাউনের মাধ্যমে গোপালগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মেজবাহ নির্বাচনী মাঠে তার শক্ত অবস্থান জানান দিলেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।