শেরপুরে দুই কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণা, এক ছাত্রলীগ কর্মীকে পদ দেয়ায় ক্ষোভ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫
— শান্ত শিফাত
শেরপুরে দুটি সরকারি কলেজ শাখায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) নতুন কমিটি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে শেরপুর সরকারি কলেজ ও শ্রীবরদী সরকারি কলেজ শাখা।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু ও সাধারণ সম্পাদক মো. নাঈম হাসান উজ্জ্বল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটি অনুযায়ী—
শেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হয়েছেন আব্দুল্লাহ আল কোরাইশী, সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রাব্বী এবং সাংগঠনিক সম্পাদক নিতামনি আক্তার নীরা। ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন করে জেলা ছাত্রদল।
অন্যদিকে, শ্রীবরদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হয়েছেন মো. হোসাইন মুরাজ, সাধারণ সম্পাদক মো. তাহমিদ হক চৌধুরী অনিক এবং সাংগঠনিক সম্পাদক লামিয়া সরকার বরাত। এই শাখায় ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
তবে শেরপুর সরকারি কলেজ শাখার কমিটি নিয়ে দলে ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, ওই কমিটির ২১ নম্বর ক্রমিকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হয়েছে ঝিনাইগাতী উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে।
এ ঘটনায় ঝিনাইগাতী উপজেলা ছাত্রদলের একাংশসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঝিনাইগাতী উপজেলা যুবদল ও কৃষক দলের দুই নেতা বলেন, “উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরেফিন সোহাগের ছত্রছায়ায় ওই ছাত্রলীগ কর্মীকে পুনর্বাসন করা হয়েছে। তার ছবি সম্বলিত ছাত্রলীগের ব্যানার-ফেস্টুন এর আগেও ঝিনাইগাতীর বিভিন্ন স্থানে টানানো ছিল। হাসিনার ফ্যাসিস্ট আমলে সে ছাত্রলীগের সঙ্গেই সক্রিয় ছিল।”
এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমরা সু-স্পষ্ট প্রমাণ পেলেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে কোনো ফ্যাসিস্ট এর স্থান হবে না।”