ভাঙ্গায় চোরা বালুতে প্রাণ গেল শিশু বাচ্চা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৫
মোঃ রিপন শেখ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে চোরা বালু ভরাটের গর্তে পড়ে প্রাণ হারিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু নদী। শুক্রবার দুপুরের এ মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম শাহিন নামে এক ব্যক্তির গভীর পুকুরে বলগেটের মাধ্যমে অবৈধভাবে বালু ভরাটের কাজ চলছিল। দুপুরে প্রতিবেশী কয়েক শিশুর সঙ্গে নদী ওই বালু ভরাট কাজ দেখতে যায়। এক পর্যায়ে অসতর্কতাবশত বালুমিশ্রিত পানিতে পড়ে যায় সে।

ঘটনা দেখতে পেয়ে চুননু শিকদার নামের এক ব্যক্তি দ্রুত নদীকে পানি ও বালুর ভরাটের ভেতর থেকে উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষ অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু নদীকে মৃত ঘোষণা করেন।

শিশু নদীর বাবা মধু সরকার জানান, “দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে কয়েক বছর ধরে আমরা মুনসুরাবাদ গ্রামে ভাড়া বাড়িতে থাকি। আমি ভাঙারি ব্যবসা করি। আমার মেয়েটা দুপুরে খেলতে বের হয়েছিল—ভাবিইনি এমন দুর্ঘটনা আমাদের জীবনে নেমে আসবে।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় চোরা বালুর ব্যবসা চলে আসছে, কিন্তু তদারকির অভাবে ঘটছে দুর্ঘটনা। প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।