ঈশ্বরদীতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসে কাটা পড়ে ব্যক্তির করুণ মৃত্যু

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৫

আব্দুল্লাহ আল মামুন, পাবনা জেলা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদী উপজেলায় গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীমুখী আন্তনগর ৭৮৩ নম্বর (আপ) টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে জাহাঙ্গীর আলম সরদার (৫৫) নামে এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। রোববার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঈশ্বরদী শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম ঈশ্বরদী শহরের পোস্ট আলী মোড় এলাকার বাসিন্দা ঈমান আলী সরদারের ছেলে। তিনি স্ত্রী ও এক সন্তানসহ পরিবারে একমাত্র উপার্জনকারী ছিলেন।

রেলগেটের ইন্টারলকিং সিস্টেমের দায়িত্বপ্রাপ্ত গেটকিপার ফাহিম হোসেন জানান, গোবরা স্টেশন থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি রেলগেট অতিক্রম করে ঈশ্বরদী জংশনের দিকে যাচ্ছিল। এ সময় জাহাঙ্গীর রেললাইন পার হওয়ার চেষ্টা করলে ট্রেনের নিচে পড়ে শরীরের মাথা ও বাম পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, ট্রেন দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং প্রক্রিয়া শেষে পরিবারকে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।