একজন বাবুল শেখ ও প্রায় ৮০০’শ মৃতদেহ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৫ কোহিনূর আলম।। মো. বাবুল শেখ (৫৬), পিতা-মৃত আব্দুল কদ্দুস শেখ, মাতা-জুলেখা খাতুন । ৩বোন ও ২ভাই তাঁর । ব্যক্তিগত জীবনে তিনি ৫ মেয়ে ও ২ছেলে সন্তানের জনক । নেত্রকোণার কেন্দুয়ার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা তিনি । স্থানীয়ভাবে ডোম হিসেবে পরিচিত অনেকের কাছেই । তিনি হিন্দু, মুসলমান বা নাম, গোত্র ও ধর্ম পরিচয়হীন প্রায় ৭০০/৮০০ লাশ বা মৃতদেহ বহন করেছেন গত ৩৫ বছরে । ১৯৮৭/৮৮ সালের বন্যার সময় লাশ উদ্ধার ও বহনের কাজ শুরু তাঁর । তিনি জানান, মাসকা ইউনিয়নের আউজিয়া বাইঙ্গনি এলাকায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছিলেন এক ব্যাক্তি । মাসকা ইউনিয়ন পরিষদের তখনকার চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম স্বপনের আহ্বানে ছুটে গিয়েছিলাম সেখানে । মো. বাবুল শেখ আঙুলে গুনে টাউর করে বলেন, এ পর্যন্ত প্রায় ৭০০/৮০০ লাশ বহন করেছি । ঝড় বাদল যে কোন পরিস্থিতিতে সিএনজি গাড়ি দিয়ে লাশ আনা নেয়া করি । যখন যা পারিশ্রমিক পাই তা-ই নিই । এমনও হয়েছে নিজ হাত থেকে খরচ দিয়েছি ! লাশ বহনের কাজ করতে গিয়ে প্রথমে কিছু ভয় পেলেও এখন আর ভয় পান না তিনি । বরং পুলিশের সাথে লাশের প্রাথমিক সুরতহালও করে থাকেন এই বাবুল শেখ । তাছাড়া পারিবারিক ও সামাজিকভাবে বিভিন্ন সময় বাধা ও ঘৃণার সম্মুখীনও হয়েছেন তিনি । এখন আর কেউ কিছু বলেন না । মো. বাবুল শেখ আক্ষেপ করে বলেন, প্রায় ৫/৭ মাস আগে ১ লাখ টাকা ঋণ করে ও অনেকের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে দেড় লাখ টাকায় একটি সিনজি ক্রয় করেছিলাম । ঋণের কিস্তি দিতে খুব কষ্ট পোহাতে হচ্ছে । তবে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর আর্থিক অনুদানের জন্যে আবেদন করেছি । অপেক্ষায় আছি নতুন বছরের । অপমৃত্যু বা অস্বাভাবিক মৃত্যুর লাশ বহন করা ছাড়া অর্থ উপার্জনের জন্যে আরো কিছু করেন কিনা জানতে চাইলে, তিনি বলেন, যে গাড়িতে লাশ আনা-নেয়া করি, সেই গাড়িতে যাত্রী ওঠবে না । তাই ভাড়া করে অন্যের গাড়িতে যাত্রী আনা নেয়া করেও কিছু আয় রোজগারের মাধ্যমে টেনেটুনে সংসার চালাই । দীর্ঘ ১৫ বছর যাবত থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে প্রায়শই আওয়ামী লীগের রোষানলে পড়ে মামলা মোকদ্দমায় হয়রানির শিকার হয়েছেন বলেও তিনি দাবি করেন । তবে পুলিশের সাথে সব সময়ই তাঁর একটি বিশ্বাসযোগ্য সম্পর্ক ছিলো । কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মো. বাবুল শেখ সম্পর্কে বলেন, মো. বাবুল শেখ অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্বশীল একজন মানুষ । কেন্দুয়া পুলিশ প্রশাসনের সাথে তাঁর একটি ভালো সম্পর্ক রয়েছে । উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার (বিদায়ী) বাবুল শেখের আর্থিক আবেদনের বিষয়ে জানান, এ মুহূর্তে আর্থিক অনুদান দেয়া সম্ভব নয় ।তাছাড়া সরকারি নিয়মের ভেতরও পড়ে না । SHARES সারা বাংলা বিষয়: