উলিপুর উপজেলায় দূর্গম চরাঞ্চল থেকে মহিষ চুরি করে নৌকায় পারাপারের সময় তিনজনকে আটক দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৫ মোঃ রেজাউল ইসলাম কুড়িগ্রামের উলিপুর উপজেলায় দূর্গম চরাঞ্চল থেকে মহিষ চুরি করে নৌকায় পারাপারের সময় তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের চর দূর্গাপুর গ্রামে। আটককৃতরা হলেন— ধামশ্রেনী ইউনিয়নের কাশিয়াগাড়ি গ্রামের আব্দুর রশিদ ওরফে লাল মিয়ার ছেলে আশরাফুল ইসলাম ওরফে রফিক (২৬), হাতিয়া ইউনিয়নের বগাপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে মিলন মিয়া ওরফে আনিছুর (২৬) এবং চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল সড়কটারী গ্রামের সমেজ উদ্দিনের ছেলে রেজাউল করিম ওরফে আবু সাঈদ (২৫)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ব্রহ্মপুত্র নদবেষ্টিত সাহেবের আলগা ইউনিয়নের চর দূর্গাপুর গ্রামের সিদ্দিক শেখের গোয়ালঘর থেকে গত ১৩ ডিসেম্বর ভোররাতে চারটি মহিষ চুরি হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা মহিষগুলো উদ্ধারে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সকাল ৯টার দিকে নদীর ঘাটে চারটি মহিষ নৌকায় তুলতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মহিষগুলো উদ্ধার করে এবং তিনজনকে আটক করে রাখেন। খবর পেয়ে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত মহিষ ও আটক ব্যক্তিদের পুলিশ হেফাজতে নেয়। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাঈদ ইবনে সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটক আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: