খানসামায় মাধ্যমিকের বই সংকট, প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫ মো. আজিজার রহমান নতুন শিক্ষাবর্ষ শুরু হতে আর মাত্র ৮ দিন বাকি থাকলেও দিনাজপুরের খানসামা উপজেলায় মাধ্যমিক স্তরের প্রায় ৬৫ শতাংশ পাঠ্যবই এখনো পৌঁছায়নি। ফলে বছরের শুরুতেই মাধ্যমিকের সব শিক্ষার্থী নতুন বই হাতে পাবে কি না—এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে সপ্তম ও অষ্টম শ্রেণির বই না আসায় শঙ্কা বেশি। তবে প্রাথমিক স্তরে বই সংকট নেই। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫৪টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের জন্য চাহিদার শতভাগ বই ইতোমধ্যে পৌঁছেছে। মোট ১ লাখ ৩৪ হাজার ৬২০টি বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বই সংগ্রহে ব্যস্ত দেখা যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। এ সময় বই বিতরণ কার্যক্রম তদারকি করেন উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা। উপজেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, মাধ্যমিক, মাদ্রাসা ও ইবতেদায়ীসহ শতাধিক প্রতিষ্ঠানের জন্য প্রায় ৩ লাখ ১০ হাজার বইয়ের চাহিদা থাকলেও এখন পর্যন্ত মাত্র ৩৫ শতাংশ বই এসেছে। এর মধ্যে ষষ্ঠ ও নবম শ্রেণির আংশিক বই মিললেও সপ্তম ও অষ্টম শ্রেণির কোনো বই আসেনি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদার জানান, বছরের প্রথম দিনেই প্রাথমিকের শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে। ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান সরকার বলেন, প্রতিদিনই নতুন বই আসছে এবং দ্রুত বাকি বই সরবরাহের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার বলেন, বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে। SHARES সারা বাংলা বিষয়: