উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট বদলি — স্বাস্থ্যসেবা আবারও সংকটে চিলাহাটি দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৫ আবু ছাইদ।। চিলাহাটি উপস্বাস্থ্য কেন্দ্রের একমাত্র ফার্মাসিস্ট মোঃ ফিরোজ উদ্দিনকে নতুন কাউকে দায়িত্ব না দিয়েই বদলি করা হয়েছে। ফলে আবারও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হলো চিলাহাটি এলাকার সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে চিকিৎসক শূন্য অবস্থায় থাকা এই উপস্বাস্থ্য কেন্দ্রটি কার্যত কাগজে-কলমে সীমাবদ্ধ ছিল। চিলাহাটি আঞ্চলিক উন্নয়ন প্রস্তাবনা পরিষদ নামের একটি সংগঠন আন্দোলন চালিয়ে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে স্মারকলিপি প্রদান করলে ২০২২ সালে জরুরি ভিত্তিতে ফিরোজ উদ্দিনকে ফার্মাসিস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিজস্ব ভবন না থাকায় চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের একটি ছোট কক্ষেই তিনি প্রতিদিন অসুস্থ ও দরিদ্র মানুষের জন্য ঔষধ বিতরণ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়ে আসছিলেন। স্থানীয়দের কাছে তিনি শুধু একজন সরকারি কর্মকর্তা নন, বরং ছিলেন একপ্রকার আশার প্রতীক। কিন্তু সম্প্রতি কোনো বিকল্প ব্যবস্থা ছাড়াই তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে বদলি করা হয়েছে। এর ফলে চিলাহাটি উপস্বাস্থ্য কেন্দ্রটি এখন সম্পূর্ণ ফার্মাসিস্টশূন্য হয়ে পড়েছে। এমনিতেই মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি নানা সংকটে টিকে আছে। এখন উপস্বাস্থ্য কেন্দ্রটিও বন্ধের পথে। ফলে এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত নতুন ফার্মাসিস্ট ও চিকিৎসক নিয়োগ দিয়ে চিলাহাটি উপস্বাস্থ্য কেন্দ্রকে পুনরায় সচল করা হোক। অন্যথায় পুরো চিলাহাটি অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। SHARES সারা বাংলা বিষয়: