ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের পরিবারকে আর্থিক সহায়তা দিলো শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫
বাবলু নন্দী 
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে হত্যা এবং আগুনে পুড়িয়ে নিহত হওয়া দিপু চন্দ্র দাসের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ময়মনসিংহের তারাকান্দি দিপু চন্দ্র দাসের বাড়িতে গিয়ে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।এছাড়া তাদের পরিবারের জন্য কিছু সহায়তা দেওয়া হয়।  এ সময় দিপু চন্দ্র দাসের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। আর্থিক সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি প্রকৌশলী আশুতোষ দাশ, কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন রবিশংকর আচার্য্য, চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক সুমন ঘোষ বাদশা,  রাসেল চৌধুরী,দুলাল চন্দ্র দাশ,  কেন্দ্রীয় কমিটির সহ মহিলা সম্পাদিকা উষা আচার্য্য, চট্টগ্রাম মহানগর জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের মহিলা সম্পাদিকা অশ্রু চৌধুরী,সহ মহিলা সম্পাদিকা দীপা মহাজন, মোহাম্মদ মহসীন, আনোয়ার হোসেনসহ অন্যরা। চেক গ্রহণ করেন দিপু চন্দ্র দাসের পিতা রবিলাল চন্দ্র দাস ও স্ত্রী মেঘনা রবিদাস।
দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবি জানিয়ে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ বলেন, ধর্ম অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে হত্যা এবং হয়রানির অভিযোগ নতুন নয়। বিভিন্ন সময় মিথ্যা অভিযোগ তুলে অনেক নিরীহ মানুষ জেল কেটেছে। এসব ঘটনার বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে পড়েছে। আর পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। এ ধরণের ঘটনা আমরা আর চায় না। প্রশাসনের কাছে অনুরোধ করবো, অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা হোক। একই সাথে দিপুর স্ত্রী ও পিতাকে সরকারি চাকরি এবং তার ১৫ মাস বয়সী মেয়ের সকল দায়িত্ব সরকারকে নিতে হবে। আমরা মনেকরি এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস কার্যকর ঘোষণা দিবেন।
শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি প্রকৌশলী আশুতোষ দাশ বলেন, আমরা আজ শোকাহত, হতাশ এবং আতংকিত। কেন হিন্দুদের টার্গেট করে এ ধরণের ঘটনা বারবার হচ্ছে তা গভীরভাবে তদন্ত করা উচিত। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরা কোন অশান্তি চাই না। দিপু চন্দ্র দাসের হত্যাকারীরা যেন কেউ ছাড় না পায় সে আহ্বান জানান।