ঠাকুরগাঁও সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৫
মো:সোহেল রানা।।
ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও সরকারি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে  ঠাকুরগাঁও সরকারি কলেজ মাঠ চত্বরে এই নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে কলেজ চত্বরে ছিল আনন্দ-উচ্ছ্বাসের এক ভিন্ন আবহ।
ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: শামীম হোসেনের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর চৌধুরী মোঃ হুমায়ুন কবির, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, ঠাকুরগাঁও সরকারি কলেজ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনের পাশাপাশি মানবিক গুণাবলি, নৈতিকতা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “শিক্ষাজীবনের এই নতুন অধ্যায় হবে জীবনের ভিত্তি। অধ্যবসায় ও নিয়মানুবর্তিতা দিয়ে গড়ে তুলতে হবে সফল ভবিষ্যৎ।”
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো: শামীম হোসেন নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, “ঠাকুরগাঁও সরকারি কলেজ সর্বদা শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। একাডেমিক উন্নয়নের পাশাপাশি সহপাঠক্রমিক কার্যক্রমের মাধ্যমেও আমরা শিক্ষার্থীদের যোগ্য ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই।”
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীরা গান, কবিতা ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তাদের আনন্দ ও উৎসাহ প্রকাশ করে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও সভাপতি নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন।