সরকারি অফিসকে বেডরুম বানানোর কুরুচিপূর্ণ ঘোষণা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৫ আল-মামুন খান।। কিশোরগঞ্জের অষ্টগ্রামে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক অপমানজনক আচরণের শিকার হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শারদীয় দুর্গাপূজার দায়িত্ব বণ্টন সংক্রান্ত বিষয়ে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে গেলে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী সাংবাদিকরা হলেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো: নাদিরুজ্জামান আজমল ও দৈনিক সকালের সময় এর প্রতিনিধি মাহবুব আলম। তাদের অভিযোগ, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ রমজান মিয়া ক্ষিপ্ত হয়ে বলেন— “আমরা অফিস চলাকালীন সময়ে বাসায় থাকব, বাথরুমে থাকব, বউ নিয়ে থাকব, তার মধ্যে সাংবাদিক আসবে কেন?” এ ধরনের মন্তব্যের মাধ্যমে তিনি সরকারি অফিসকেই ব্যক্তিগত বেডরুম বানানোর কুরুচিপূর্ণ ইঙ্গিত দেন। স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ রমজান মিয়া পূর্বে কটিয়াদি উপজেলায় দায়িত্বে থাকাকালীনও নানা অনিয়ম ও অপকর্মে জড়িয়ে বিতর্কে ছিলেন। এমনকি তিনি নিজেই স্বীকার করেন, কটিয়াদিতে সাংবাদিকদের ওপর হামলার একটি ঘটনায় তিনি জড়িত ছিলেন।অভিযোগ প্রসঙ্গে জেলা আনসার ভিডিপি কমান্ডার জানান, তিনি বিষয়টি জেনেছেন তবে ব্যস্ততার কারণে কোনো পদক্ষেপ নিতে পারেননি। অপরদিকে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বুলবুলি আক্তার প্রশিক্ষকের পক্ষ নিয়ে বিষয়টি এড়িয়ে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলশাদ জাহান এ বিষয়ে বলেন— “আপনারা লিখিত অভিযোগ দিন, আমি বিষয়টি আনসার ভিডিপি কর্তৃপক্ষকে জানাব। এখানে আমি সরাসরি কোনো সিদ্ধান্ত নিতে পারব না।”সাংবাদিকরা জানিয়েছেন, রমজান মিয়ার অশোভন বক্তব্য ও আচরণ তাদের ক্যামেরায় রেকর্ড রয়েছে। স্থানীয়রা ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিলেও সাংবাদিক মহল এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সচেতন মহলের মতে, একজন সরকারি দায়িত্বশীল কর্মকর্তার মুখে এমন মন্তব্য শুধু অশোভনই নয়, বরং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকির ইঙ্গিত। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ী কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। SHARES সারা বাংলা বিষয়: