মনোহরদীতে বিএনপির আয়োজনে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালন।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫
মো হিমেল মিয়া।।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নরসিংদীর মনোহরদীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেল তিনটায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনোহরদী সরকারি কলেজ রোডে এক প্রাণবন্ত সমাবেশে মিলিত হয়।
র‌্যালির নেতৃত্ব দেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এবং নরসিংদী-৪ (বেলাবো–মনোহরদী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। সৈনিক ও জনতার ঐক্যের মাধ্যমে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম নতুন গতি পেয়েছিল। আজও সেই চেতনা আমাদের প্রেরণা জোগায় দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার আন্দোলনে।”
উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সদস্য ও সাবেক ভিপি গোলাম মস্তুফা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
র‌্যালিতে অংশগ্রহণকারীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে দেশপ্রেমমুখর স্লোগান দেন, যা পুরো মনোহরদীর রাজপথ মুখরিত করে তোলে। সমাবেশে বক্তারা বলেন, বিপ্লব ও সংহতির চেতনা আমাদের শেখায়—দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকা সময়ের দাবি।
স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে পুরো আয়োজনটি কভার করেন। মনোহরদীর সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে দিবসটিকে স্মরণীয় করে তুলেছেন, যেখানে প্রতিফলিত হয়েছে দেশপ্রেম, ঐক্য এবং গণতন্ত্র রক্ষার অঙ্গীকার