আওয়ামী লীগের চেয়ারম্যানসহ তিনজনকে বিএনপি নেতাদের মাধ্যমে পুলিশের কাছে সোপর্দ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫ মোঃ রিপন শেখ।। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান প্রতীক তালুকদারসহ তাঁর তিন সহযোগীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেলার ভাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ.এফ.এম. রেজা ফয়েজের বাড়ির সামনে থেকে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ ও স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, সকালে ভাঙ্গা ও নগরকান্দা উপজেলার সীমান্তবর্তী শুয়োদি এলাকা ও জয়বাংলা মোড়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শুয়োদি, পুখুরিয়া ও মুনসুরাবাদ পুলিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। শুয়োদি এলাকায় নেতৃত্ব দেন আওয়ামী নেতা হান্নান, আর নগরকান্দা অংশে নেতৃত্ব দেন চরদোশোরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান প্রতীক তালুকদার। তারা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে ড. ইউনুস সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরে প্রতীক তালুকদার ও তাঁর দুই সহযোগী ইব্রাহিম ও আকরাম মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগের সময় ভাঙ্গা উপজেলার সীমান্ত এলাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হাতে আটক হন। পরে বিএনপি নেতারা তাদের ভাঙ্গা থানায় পুলিশের কাছে সোপর্দ করেন। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, আটককৃত তিনজনের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি নেই।” তিনি আরও জানান, বর্তমানে ভাঙ্গা ও আশপাশের এলাকায় পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক এবং পরিস্থিতি শান্ত রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক তিন আওয়ামী লীগ নেতা নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য লাবু চৌধুরীর ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে পরিচিত। SHARES সারা বাংলা বিষয়: