শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় সহযোগী আসামি ফজলু ঢাকায় গ্রেপ্তার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫
মোঃ মুরাদ মিয়া।।
শেরপুরের নকলায় উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় সহযোগী আসামি ফজলুকে ঢাকার আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আদাবর এলাকা থেকে নকলা থানার পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত ফজলুকে আদালতে সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ।
নকলা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলার মামলার সহযোগী আসামি ফজলুকে ঢাকার আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর শেরপুরের নকলা উপজেলায় সরকারি কৃষি প্রণোদনা দিতে অস্বীকৃতি জানানোয় উপজেলা কৃষি কর্মকর্তা শাহারিয়ার মুরসালিনকে মারধরের অভিযোগ ওঠে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম (৩৫) ও তার সহযোগী ফজলুর রহমানের (৩২) বিরুদ্ধে। ঘটনার পরদিন রাতে কৃষি কর্মকর্তা মোরসালিন মেহেদী নকলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন, যেখানে ছাত্রদল নেতা রাহাত হাসান কাইয়ুম ও ফজলুরকে আসামি করা হয়। পরদিন ৬ নভেম্বর দুপুরে অভিযোগ প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় ছাত্রদল রাহাত হাসান কাইয়ুমকে বহিষ্কার করে।