চাটখিলে ইনসাফ হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার,থানায় অভিযোগ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৫
মোঃ হানিফ ।।
নোয়াখালীর চাটখিল পৌর শহরের ইনসাফ হাসপাতালের মালিক গুলজার আহমেদ সহ তার সহকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তিনি গত শনিবার রাতে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খন্দকার মোস্তাক আহমেদ ও পৌরসভার সুন্দরপুর গ্রামের শাহ আলমের ছেলে সাইফুল ইসলাম রিয়াদ (২৯) এর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের বিচার চেয়ে থানায় এ অভিযোগ করেন। চাটখিল থানা অভিযোগ নং- ৩৫৩৩, তারিখ: ১৫/১১/২০২৫ইং।
অভিযোগে তিনি বলেন, তিনি দীর্ঘদিন থেকে চাটখিল পৌর শহরে ইনসাফ হাসপাতালটি সুনামের সাথে পরিচালনা করে আসছেন। তার এ ব্যবসায়িক সুনাম ক্ষুন্ন করার জন্য পরিকল্পিতভাবে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ খন্দকার মোস্তাক আহমেদ ও ফেইসবুক সাংবাদিক নামে পরিচিত সাইফুল ইসলাম রিয়াদ তার ৩টি ফেইসবুক আইডি থেকে গুলজার আহমেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে তার ব্যবসায়িক সুনাম এবং ব্যক্তিগত সুনাম ক্ষুন্ন করার অপপ্রয়াসে লিপ্ত রয়েছে। তিনি অভিযোগে আরো বলেন, ডাঃ খন্দকার মোস্তাক আহমেদ লাইসেন্স বিহীন সার্জন হয়েও দীর্ঘদিন থেকে সিজারিয়ান অপারেশন করে আসছেন। ফেইসবুক সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদ একটি মামলার সাজাপ্রাপ্ত আসামী। চাঁদাবাজী, সন্ত্রাসী সহ তার বিরুদ্ধে ৮টি মামলা চলমান রয়েছে। এছাড়া রিয়াদ বিভিন্ন আইডিতে যে অপপ্রচার চালিয়েছে তা ডিলেট করতে হলে রিয়াদকে মোটা অংকের টাকা দিতে হবে বলে জানিয়েছে গুলজার আহমেদ, যার কল রেকর্ড তার কাছে রয়েছে।
এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ খন্দকার মোস্তাক আহমেদ এর সঙ্গে যোগযোগ করলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
এদিকে ফেইসবুক সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদ এর সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগ তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।