ভাঙ্গায় নিরাপত্তা জোরদার, যান চলাচল স্বাভাবিক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৫

মোঃ রিপন শেখ ।।

 

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আগুন ও হাতবোমা বিস্ফোরণের মতো সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এসব ঘটনাকে সামনে রেখে ফরিদপুর জেলা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

ফরিদপুর–ভাঙ্গা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে চেকপোস্ট, টহল এবং নজরদারি। ভাঙ্গা উপজেলার বিভিন্ন সংযোগ সড়ক, বাসস্ট্যান্ড ও জনবহুল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এদিকে, নিরাপত্তা বাড়ানো হলেও ভাঙ্গায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠান ও হাট–বাজারে জনজীবন বেশিরভাগই স্বাভাবিক দেখা গেছে। তবে প্রশাসন যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক রয়েছে।

আজকের রায়কে কেন্দ্র করে সারাদেশের মতো ভাঙ্গাতেও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও উদ্বেগ বাড়ছে। অন্যদিকে, আজকের রায়কে কেন্দ্র করে শুধু বাংলাদেশ নয়—পুরো বিশ্ব তাকিয়ে আছে কী সিদ্ধান্ত আসে আদালতের ঘর থেকে।
সকলের নজর আজ একটাই—শেখ হাসিনার রায়ে কী আছে ভাগ্যে?