ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৫

মোহাম্মদ রিপন শেখ ।।

 

ফরিদপুরের ভাঙ্গায় বরিশাল–ঢাকা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (০৭ ডিসেম্বর ২০২৫) রাত ১টার দিকে ফরিদপুরের  ভাংগা হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে  জানা যায়, ঝিনাইদহ ল-১১-৯২৫৭ নম্বরের মোটরসাইকেলটি ফরিদপুরমুখী লেনে চলার সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগামী যানবাহন মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত স্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দুই আরোহী সুমন (২৫) ও ইমন (২২) নিহত হন। তারা দু’জনই কুষ্টিয়ার কুমারখালী থানার সদকী মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।

অপরদিকে  গুরুতর আহত অপর আরোহী মোঃ আশিক মোল্লা (২২)–কে ভাঙ্গা থানার এসআই মশিউর রহমান উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মোটরসাইকেলটি থানায় জব্দ রাখা হয়েছে। অজ্ঞাত যানবাহনটি শনাক্তে পুলিশ কাজ করছে।

বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।