সোনাইমুড়ীতে প্রতিবেশীর ইঁদুর মারার ফাঁদে প্রবাসীর মৃত্যু দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৫ মোঃ হানিফ ।। নোয়াখালীর সোনাইমুড়ীতে বীজতলায় প্রতিবেশীর ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ নুরুল হুদা (৫১) নামে এক কাতার প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে উপজেলার নদনা ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা রিয়াজ তার বাড়ির পাশে ধানের বীজতলা করে। তিনি বীজতলার মাঠ রক্ষা করতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। শনিবার ভোরে এর পাশেই ২ কেজি ধানের বীজতলা করতে যান প্রবাসী নুরুল হুদা। ওই সময় প্রতিবেশী রিয়াজের ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মোঃ নুরুল হুদা। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনার পর থেকে বৈদ্যুতিক ফাঁদ পাতা রিয়াজ গা ঢাকা দিয়েছেন। নিহতের শ্যালক মোঃ পারভেজ আলম বলেন, আমার ভগ্নিপতি কাতার প্রবাসী ছিলেন। কিছুদিন আগে তিনি ঐ দেশ থেকে একেবারে চলে আসেন। আগামী ১২ ডিসেম্বর নতুন করে তার সৌদি আরব যাওয়ার ফ্লাইট ছিল। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোরশেদ আলম বলেন, নিহতের স্বজনেরা লিখিত অভিযোগ দিবে না। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবার চাইলে মামলা করতে পারবে SHARES সারা বাংলা বিষয়: