রূপগঞ্জের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৫
বি এম আবুল হাসনাত।। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার আড়িয়াবো এলাকার প্রিমিয়ার স্টিল এন্ড রি-রোলিং মিলস্ লিমিটেডের শ্রমিকরা পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে। ৯সেপ্টেম্বর মঙ্গলবার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কের বরপা আড়িয়াবো এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য রাখেন স্টিল মিলের শ্রমিক রনি আহম্মেদ, শাহাদাত মিয়া, আবুল হাসান, জুলহাস মিয়া, ফারুক আহম্মেদ, অলিয়ার, সেলিম ইসলাম, মন্টু ও জামির আলী প্রমুখ।
দুপুর ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্রমিকদের অবরোধে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তাতে পরিবহনের যাত্রীরা বিশেষ করে শিশু ও নারীরা চরম ভোগান্তিতে পড়ে। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ, কাঁচপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়ে আগামী ১১সেপ্টেম্বর বৃহস্পতিবার বকেয়া তিন মাসের বেতন ও বাকি দুই মাসের বেতন অক্টোবর মাসে পরিশোধ করার আশ্বাস দিলে দুপুর ২টায় শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
প্রিমিয়ার স্টিল এন্ড রি-রোলিং মিলস্ লিমিটেডের ব্যবস্থাপক নেছার উদ্দিন বলেন, নানা প্রতিকূলতায় শ্রমিকদের পাঁচ মাসের বেতন বকেয়া ছিলো। আগামী ১১সেপ্টেম্বর বৃহস্পতিবার শ্রমিকদের বকেয়া তিন মাসের বেতন ও বাকি দুই মাসের বেতন অক্টোবর মাসে পরিশোধ করা হবে।