চাটখিলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শতাধিক গাছ কর্তন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫ মোঃ হানিফ ।। নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের পাটোয়ারী বাড়িতে আদালতের নির্দেশ অমান্য করে শতাধিক গাছ কর্তন করে দেড় লাখ টাকার ক্ষতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ঐ বাড়ির আবুল হোসেন গত রোববার রাতে চাটখিল থানায় ২ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেছেন। সোমবার বিকেলে আবুল হোসেন চাটখিল প্রেসক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদের কাছে অভিযোগের কপি প্রদান করে বলেন, জোরপূর্বক গাছ কর্তনকারীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, আবুল হোসেনের সাথে একই বাড়ির আবুল কাশেমের ছেলেদের সাথে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান। মামলা নিষ্পত্তি হওয়া ছাড়া বিরোধীয় সম্পত্তিতে কেউই কোন কাজ করতে পারবে না। আদালতের এই আদেশ উপেক্ষা করে গত রোববার সকালে আবুল কাশেমের ছেলে কামরুল হাসান ফিরোজ (৪৫) ও মোঃ জসিম (৩৮) বিরোধীয় সম্পত্তির ছোট বড় শতাধিক গাছ কর্তন করে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি সাধন করে। গাছ কাটার সময় আবুল হোসেন বাধা দিতে গেলে তাকে মারধর করে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করে। এ সময় আবুল কাশেমের ছেলেরা এই বিষয়ে থানায় অভিযোগ করলে তাকে প্রাণনাশের হুমকি দেয় বলে আবুল হোসেন উপস্থিত সাংবাদিকদের জানান। এই ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা চাটখিল থানার এস আই জাকির হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি গাছ কাটার কথা স্বীকার বলে বলেন, যেহেতু বিষয়টি নিয়ে সম্পত্তি সংক্রান্ত বিরোধ বিচারাধীন রয়েছে তাই উভয় পক্ষকে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সকল ধরনের কাজ বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন। SHARES সারা বাংলা বিষয়: