রহনপুর ইউনিয়নে নাগরিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে নির্বাচনী মাঠে মোঃ ইসমাইল হোসেন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৫ হায়দার আলী।। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ৫ নং রহনপুর ইউনিয়নে আসন্ন নির্বাচনে নতুন আশা জাগিয়ে মাঠে নেমেছেন শিক্ষাবিদ, সমাজসেবক ও সাংস্কৃতিক সংগঠক মোঃ ইসমাইল হোসেন। তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং নাগরিক সম্মান পুনরুদ্ধারের প্রত্যয়ে ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। মোঃ ইসমাইল হোসেন স্থানীয় জনসাধারণকে উদ্দেশ্য করে বলেন— “হ্যাঁ বন্ধুরা, ভোট পাবার জন্য হয়তো কিছু কথা বলছি। কিন্তু আমার প্রতিশ্রুতি শুধু মুখের কথা নয়—এটি লিখিত দলিল আকারে তোমাদের হাতে তুলে দিচ্ছি। আজ আমার আহ্বান শুধু আকৃষ্ট করার জন্য নয়, বরং তোমাদের সামনে একটি লিপিবদ্ধ প্রতিশ্রুতি উপস্থাপন করছি। আমাকে সুযোগ দিয়ে যাচাই করে নিও। এখনই সময় ঐক্যবদ্ধ হয়ে আমাদের অধিকার প্রতিষ্ঠার।” তিনি আরও বলেন— “নাগরিক অধিকার ও সম্মান পুনরুদ্ধার করে, আইনের শাসন প্রতিষ্ঠা করে এবং ন্যায়বিচার নিশ্চিত করে সমাজ সংস্কারে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম হবে অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম।” উল্লেখ্য, মোঃ ইসমাইল হোসেন মরহুম বীর মুক্তিযোদ্ধা একরামুল হক ফিটুর যোগ্য সন্তান। তিনি বংপুরের দারুস সুন্নাহ ইসমাইল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থেকে এলাকায় একজন সুপরিচিত সংগঠক হিসেবে পরিচিতি অর্জন করেছেন। স্থানীয় ভোটারদের সমর্থন, ভালোবাসা, দোয়া ও আশীর্বাদ কামনা করে তিনি আরও বলেন— “আমি শুধু প্রতিশ্রুতির রাজনীতি করতে চাই না, আমি চাই জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে। আমার প্রতিটি পদক্ষেপ থাকবে জনগণের কল্যাণে। রহনপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষা বিস্তার, সামাজিক সংস্কার ও যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে আমি সর্বদা কাজ করে যাবো।” জনগণের উদ্দেশ্যে দেওয়া তার এই প্রতিশ্রুতিমূলক বক্তব্য ইতোমধ্যেই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেকেই মনে করছেন, তার মত প্রার্থীরা নির্বাচনে অংশ নিলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠার পথ সুগম হবে। SHARES সারা বাংলা বিষয়: