তেঁতুলিয়া নদী থেকে তিন দিন পর রাসেল খানের লাশ উদ্ধার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৫
মোঃ রুবেল হোসেন।।
পটুয়াখালীর বাউফলে নৌ-পুলিশের ধাওয়া খেয়ে তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দেওয়া রাসেল খান (৩২) নামের এক যুবকের লাশ তিন দিন পর উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তার স্বজনরা উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকার তেঁতুলিয়া নদীর বাতিঘর পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে নিষেধাজ্ঞা অমান্য করে রাসেল খান তিন বন্ধুসহ একটি ট্রলারে করে তেঁতুলিয়া নদীতে ইলিশ কিনতে যান। এসময় নৌ-পুলিশের টহল দল তাদের ধাওয়া দিলে রাসেল নদীতে ঝাঁপ দেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়েও তাকে খুঁজে পায়নি।
রাসেল খান উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। তিনি পেশায় একজন দর্জি ছিলেন এবং স্থানীয় বড় ডালিমা ব্রিজ এলাকায় তার একটি দোকান রয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
 এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন, “লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে নৌ ফাঁড়ির পুলিশ অবস্থান করছে। স্বজনদের সঙ্গে কথা বলে ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”