নোয়াখালীতে দুর্বৃত্তদের হাতে যুবক খুন, ডোবায় মিলল মরদেহ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫ মো. রিয়াজুল সোহাগ।। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক যুবককে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে ডোবায় ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশের প্রাথমিক ধারণা, এলাকায় আধিপত্য বিস্তার কিংবা অভ্যন্তরীণ বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) রাতে চৌমুহনী পৌরসভার পাশে শরীফপুর ও হাজীপুর ইউনিয়নের সীমান্তবর্তী সারেং বাড়ি সংলগ্ন একটি ডোবা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম আব্দুল কাদের জিলানী ওরফে কান কাটা কাদিরা (৪২)। তিনি চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৃত মো. গোফরানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান। ওসি জানান, নিহত কাদের জিলানীর বিরুদ্ধে মারামারি ও মাদকসহ বিভিন্ন অপরাধে থানায় চারটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। পারিবারিক সম্পর্কও ছিলো দূরত্বপূর্ণ—তার বাবা মারা গেছেন, মা নানার বাড়িতে থাকেন। সাত মাস আগে বিয়ে করলেও স্ত্রী ও শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে, এরপর থেকেই তিনি বাইরে বাইরে থাকতেন। তিনি আরও বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের সঙ্গে তার বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষ সন্ত্রাসীরা বা নিজ গ্রুপের কেউ পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করেছে। ওসি লিটন দেওয়ান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: