কেন্দুয়ায় গত দশ মাসে অপমৃত্যু মামলা ৩৪, প্রয়োজন সচেতনতা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫
কোহিনূর আলম।।
নেত্রকোণার কেন্দুয়া থাানায় ২০২৫ সালে গত ১০ মাসে ৩৪টি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা গেছে থানা পুলিশ সূত্রে ।
চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এ সব অপমৃত্যু মামলার ঘটনা ঘটে । মামলার তথ্যমতে, গলায় ফাঁস নিয়ে ১৫, বিষপানে ৪, পানিতে ডুবে ৮, বিদ্যুৎস্পর্শে ৬ এবং বজ্রপাতে ১জন । দেখা যায়, এতে গড়ে প্রতি মাসে ৩.৪ জনের মৃত্যু হয়েছে । তাছাড়া এই ৩৪জনের মধ্যে পুরুষ ও নারী লিঙ্গের সংখ্যা ২০ ও ১৪ ।
এ সব অপমৃত্যুর কারণ হিসেবে ওঠে আসে, পারিবারিক কলহ ও অভিমান, প্রেম ও আবেগ, সামাজিক ঐক্যের অভাব, মরণব্যাধি, বিষ বা কীটনাশকের সহজলভ্যতা, বিষণ্নতা, একাকীত্ব, অভিভাবকদের সচেতনতার অভাব ইত্যাদি ।
এই অপমৃত্যু থেকে সমাজকে রক্ষা করতে হলে আমাদের সমাজের সুধী সমাজ, বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রশাসনিক জনসচেতনতা গড়ে তুলতে হবে । কখনো কখনো পারিবারিক নির্যাতন থেকেও ঘটে এ মৃত্যুর ঘটনা । এ ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে । এমন অভিমত  ব্যক্ত করেন কেন্দুয়া প্রেসক্লাবের সিবিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলাম রফিক ।
কেন্দুয়া সরকারি কলেজের প্রভাষক আব্দুল কাদির নয়ন বলেন, সরকারিভাবে বিভিন্ন কউন্সিলিং এর ব্যবস্থা , পারিবারিক সচেতনতা বৃদ্ধিসহ ধর্ম ও নৈতিক শিক্ষা বাড়াতে হবে । অপমৃত্যু ঠেকাতে স্কুল, কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সেমিনারের পাশাপাশি সংবাদ মাধ্যমে প্রচারণাও বাড়াতে হবে বলে তিনি মনে করেন ।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, অপমৃত্যু কোনোভাবেই কাম্য নয় । অপমৃত্যু রোধে আমরা বিট পুলিশিং এর মাধ্যমে উঠোন বৈঠকসহ সচেতনতানূলক কার্যক্রম চলমান রেখেছি । সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি । তাছাড়া শিশু ও বৃদ্ধদের প্রতি পারিবারিক এবং সামাজিক দায়িত্ববোধ বাড়াতে হবে । তাহলেই এ সব অপমৃত্যু মামলা কমে আসবে ভবিষ্যতে ।