নাসিরনগরে আইএলএসটির শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫
আশিকুর রহমান চৌধুরী পনি।।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইএলএসটি) শিক্ষার্থীরা নিয়োগবিধি সংশোধনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
রোববার (৯ নভেম্বর) বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন।
আইএলএসটির শিক্ষার্থী কামরুল হাসান সৈকত জানান, চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রি থাকার পরও নতুন নিয়োগ বিধিমালায় তাদের জন্য কোনো পদ রাখা হয়নি। প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও অধিদপ্তর পুরোনো বিধিমালা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে চাইছে। এতে টেকনিক্যাল পদে তারা নিয়োগ না পেয়ে সাধারণ শিক্ষা সনদধারীরা চাকুরিতে সুযোগ পাচ্ছে, যা খুবই হতাশাজনক।
সকালে নাসরিনগর আইএলএসটির শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে বিক্ষোভের পর মিছিল নিয়ে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে অবস্থান নেয়। এসময় শিক্ষার্থীরা অবিলম্বে নিয়োগবিধি সংশোধনের দাবিতে স্লোগান দেন। অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে সকল আইএলএসটি প্রতিষ্ঠান ও অধিদপ্তরের কার্যক্রম বন্ধ করার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।
এদিকে সড়ক অবরোধ করে আন্দোলনের ফলে আঞ্চলিক সড়কের উভয় পাশে ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ,  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকছুদ আহমেদ ও আইএলএসটির অধ্যক্ষ ডাঃ সুবোধ কুমার দাস গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি শিক্ষার্থীদের কথা শুনেন। পরে শিক্ষার্থীরা দুপুর ১টার দিকে সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে সহকারী কমিশনারের (ভূমি) ও অধ্যক্ষের সঙ্গে আলোচনায় বসেন।