সিংগাইরে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে দলীয়প্রার্থী পুনর্বিবেচনার দাবী

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫

রিপন মিয়া।।

 

সিপাহী বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে বিএনপি’র মনোনয়ন প্রাপ্ত মানিকগঞ্জ- ২ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তকে বাদ দেয়ার দাবি জানিয়েছেন সিংগাইর উপজেলা বিএনপি’র একাংশের নেতাকর্মীরা। শান্তর স্থলে ত্যাগী নেতা উপজেলা বিএনপি’র সভাপতি আবিদুর রহমান খান রোমানকে মনোনয়ন দেয়ার জোর দাবি জানান তারা।
বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে  সিংগাইর উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে বক্তারা এ দাবি তুলে ধরেন। বক্তারা বলেন, সদ্য ঘোষিত দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত সতের বছরের আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন না। অন্যদিকে, আবিদুর রহমান খান রোমান ফ্যাসিবাদী আওয়ামী লীগ শাসনামলে বিএনপি’র মনোনয়ন পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে মামলা হামলার শিকার হয়েছেন। সেইসঙ্গে নেতাকর্মীদেরও পাশে ছিলেন তিনি। একমাত্র রোমানই ধানের শীষ প্রতীক পাওয়ার যোগ্যপ্রার্থী ও দাবিদার।
এর আগে সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা সংলগ্ন বটতলায় এসে জড়ো হয়। সেখান থেকে দিবসের কর্মসূচি হিসেবে এক বর্ণাঢ্য র‍্যালি হয়। র‍্যালিটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রহমানের সভাপতিত্বে ও সহ-সভাপতি শেখ মো. আসাদ উল্লাহ খান আজাদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন -উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম খান বাদল, শেখ আব্দুস সোবহান,যুব বিষয়ক সম্পাদক হাছান আলী, যুবদল সদস্য সারোয়ার হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল হক,সহ-সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক এমদাদুল হক, চান্দহর ইউনিয়ন শ্রমিক দল সভাপতি আফতাব উদ্দিন প্রমুখ। সমাবেশে আবিদুর রহমান খান রোমান ১৩ নভেম্বর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন প্রতিহত  করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।
এর আগে গত ১০ নভেম্বর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু ও পৌর বিএনপির সভাপতি খোরশেদ আলম ভূঁইয়া জয় এর নেতৃত্বাধীন পৃথক কর্মসূচি  পালন করা হয়। সে সমাবেশেও মঈনুল ইসলাম খান শান্তর বিরুদ্ধে সাংগঠনিক দায়িত্বশীল ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অব- মূল্যায়নের অভিযোগ তুলে ৭ দিনের আল্টিমেটাম দেয়া হয়।
অপরদিকে,৭ নভেম্বর মনোনয়ন প্রাপ্ত ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত’র নেতৃত্বাধীন বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়।সেখানে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়।
এদিকে,উপজেলা বিএনপি তিনটি ভাগে বিভক্ত হয়ে পৃথক পৃথক কর্মসূচি পালন করছে। চলছে পরস্পর বিরোধী বক্তব্য। এতে দলীয় কোন্দল দেখা দেয়ায় নেতাকর্মীরা পড়েছেন বিপাকে।